
নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামের একটি অনলাইন পোর্টালে ‘কাশ্মীর হামলার পর বাংলাদেশি আইন উপদেষ্টা লস্কর নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণভাবে মিথ্যা, মানহানিকর এবং দায়িত্বজ্ঞানহীন।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ওই বিবৃতিতে আরো বলা হয়, ওই প্রতিবেদনে (বৃহস্পতিবার প্রকাশিত) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের বিরুদ্ধে লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের অভিযোগ আনা হয়েছে—যা আদৌ সত্য নয় এবং এর কোনো প্রমাণ নেই।
ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিবৃতিতে বলা হয়, হেফাজতে ইসলাম একটি বৈধ, নিবন্ধিত ওলামা সংগঠন, যারা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিবেদনটিতে যে ব্যক্তিদের কথা উল্লেখ করা হয়েছে, তারা হেফাজতে ইসলামের নেতা, যাদের কোনো আন্তর্জাতিক বা স্থানীয় সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।
‘নিউজ অ্যারেনা ইন্ডিয়া যে তারিখ উল্লেখ করেছে, তার কমপক্ষে তিন দিন আগেই ড. নজরুল তাদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকটি ছিল সম্পূর্ণরূপে আইনি প্রক্রিয়া ও ন্যায়বিচার বিষয়ক আলোচনাভিত্তিক। যেখানে তারা তাদের বিরুদ্ধে পূর্ববর্তী সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তালিকা উপস্থাপন করেন।
