
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও দিন দিন বাড়ছে। এমন অবস্থার মধ্যে রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
সোমবার (৫ মে) এ জাতিসংঘের সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পেহেলগামের হামলা পরবর্তী পরিস্থিতি ও ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত আলোচ্য বিষয়ে থাকবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, পাকিস্তানের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকটি আহ্বান করছে। এতে পেহেলগাম হামলার পর ভারতের প্রতিক্রিয়া এবং সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।
সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আজ একটি রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করতে যাচ্ছে। এই বৈঠকে ২২ এপ্রিল ভারত- নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং পাকিস্তানের সাথে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েও আলোচনা হবে।
অন্যদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের সঙ্গে বাণিজ্য ও নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান। এতে দেশ দুটি যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আছে। নিরাপত্তা পরিষদের এই বৈঠককে উত্তপ্ত পরিস্থিতি নিরসনের অন্যতম উপায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
