
ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তবে পাকিস্তান পক্ষ থেকে বলা হয়েছে, ভারতীয় বাহিনী মোট পাঁচটি স্থানে হামলা চালিয়েছে এবং এতে অন্তত ৮ জন নিহত হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে, এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন। এছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।
আইএসপিআরের মহাপরিচালক আরো জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে বলেও তিনি জানান।
দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘ভারতের হামলাগুলো ছিল সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, নয়াদিল্লির এই হামলার পরপরই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।
অন্য দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ইসলামাবাদ ভারতীয় হামলার জবাব দিচ্ছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।
মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের এআরউয়াই নিউজকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফ্ফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে।’ হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র জিও ব্রডকাস্টারকে বলেছেন, ভারতের হামলায় দুটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ গণমাধ্যমটিকে বলেন, ভারত সব বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে, সেখানে কোনো জঙ্গি শিবির ছিল না। তিনি বলেন, ভারত তাদের নিজেদের আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ‘সন্ত্রাসীদের শিবির’ লক্ষ্যবস্তু করার ভারতীয় দাবি মিথ্যা। তিনি রয়টার্সকে জানান, পাকিস্তান পাঁচটি ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে পরে বলা হয় যে তারা তিনটি রাফাল, একটি এসইউ-৩০ এবং একটি মিগ-২৯ বিমান ভূপাতিত করেছে। তারা জানায়, পাকিস্তানে হামলা চালানোর পরেই কেবল বিমানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকার ভিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনী দাবি করেছে, রাতভর পাকিস্তানি সেনাবাহিনীর আর্টিলারি গোলাবর্ষণে ৩ বেসামরিক নাগরিত নিহত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।’
এদিকে, ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
