মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা ‘তুসকা’ নামের আরেকটি ইরানি জাহাজ নিয়েও উত্তেজনা তৈরি হয়। এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরান জানিয়েছে, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এই জব্দ করাকে তারা ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।
