
আইপিএল শুরুর আগেই ধারাভাষ্যকারদের তালিকা থেকে জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও সাইমন ডুলকে নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে সমালোচনা করার কারণেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শুধু ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোতেই যেন এ দুজনকে ধারাভাষ্য দিতে না দেওয়া হয়, এমন প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। আইপিএলের প্রথম ম্যাচের পরই এমন সমস্যার সূত্রপাত হয় বলে জানা গেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ ভোগলে।
ভোগলে বলেছিলেন, ‘একটা দল ঘরের মাঠে খেললে, তাদের ঘরের মাঠের সুবিধা পাওয়া উচিত। কেকেআর বোলারদের জন্য পিচের কথা বলছে। ওদের সেই ধরনের পিচ পাওয়া উচিত। ইডেনের কিউরেটর পিচ পরিবর্তন করা সম্ভব নয় বলে জানিয়েছেন। এটা মেনে নেওয়া যায় না।’
তাদের এই বক্তব্য ভালোভাবে নেননি সিএবি কর্তারা। কারণ, বোর্ডের নির্দেশ মেনেই পিচ তৈরি করা হয় ইডেনে। নির্দিষ্ট বিধি মেনে চলা হয়। আইপিএল শুরুর আগে বিসিসিআই পিচ প্রস্তুতকারীদের নির্দেশিকা পাঠিয়েছিল। দলগুলির পছন্দমতো পিচ তৈরির কথা সেখানে লেখা ছিল না। ঘূর্ণি পিচ তৈরির নির্দেশও ছিল না। সুজনের পাশে দাঁড়িয়ে বিসিসিআইয়ের কাছে ভোগলে এবং ডুলকে ইডেনে নিষিদ্ধ করার দাবি জানায় সিএবি। চিঠি দিয়ে বলা হয়, পিচ প্রস্তুতকারীর সমালোচনা করে সংস্থাকেই অপমান করেছেন দুই ধারাভাষ্যকার। তাদের যেন আর ইডেনের ম্যাচগুলিতে ধারাভাষ্য দিতে দেওয়া না হয়।
