সৌদি আরবে শীত মৌসুম শুরু হওয়ায় দেশটিতে ওমরাহ যাত্রীর সংখ্যা বেড়ে গেছে। ক্রমবর্ধমান ভিড় সামাল দিতে এবং আরো বেশি মুসল্লিকে সুযোগ দিতে ওমরাহ ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।
শুক্রবার (৩১ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস নির্ধারণ করেছে। ভিসা ইস্যুর দিন থেকেই মেয়াদ গণনা শুরু হবে।
গত জুনে নতুন ওমরাহ মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে, যা পাঁচ মাসেরও কম সময়ে সর্বোচ্চ সংখ্যক ভিসা প্রদানের রেকর্ড। নতুন নিয়ম অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই ওমরাহ ভিসার মেয়াদ এক মাস কার্যকর হবে। কেউ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদিতে না গেলে তার ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে সৌদি সরকার জানিয়েছে, ওমরাহ ভিসার মেয়াদ কমানো মানে এই নয় যে ভিসাধারী দেশে এসে মাত্র এক মাসই থাকতে পারবেন।
কেউ ভিসার অনুমোদিত তিন মাস সৌদিতে অবস্থান করতে পারবেন, তবে এক মাসের পর আর ওমরাহ পালন করতে
পারবেন না।
সূত্রঃ খালিজ টাইমস
