
ব্রাজিলের রিও ডি জেনিরোতে একত্র হয়েছেন উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর জোট ব্রিকসের নেতারা। জোটের দুই দিনব্যাপী সম্মেলনে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন তাঁরা। ব্রিকসের নেতাদের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ‘শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দায়ও সরব হয়েছে ১১ দেশের এই জোট।
গতকাল রোববার (৬ জুলাই) ছিল সম্মেলনের প্রথম দিন। এবার জোটের ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ব্রিকসের ১১ সদস্যদেশের মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, ইন্দোনেশিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইথিওপিয়া। এই দেশগুলোয় বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বসবাস করে এবং বৈশ্বিক উৎপাদনে ৪০ শতাংশের বেশি অবদান রাখে।
এদিকে রোববার সম্মেলনের বিবৃতিতে বলা হয়, গাজায় দ্রুত, স্থায়ী ও শর্তহীন একটি যুদ্ধবিরতির জন্য সব পক্ষকে সদিচ্ছার সঙ্গে আরও আলোচনার আহ্বান জানাচ্ছে সদস্যদেশগুলো। একই সঙ্গে গাজা এবং ফিলিস্তিনের দখল করা অন্য সব এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কাতারের রাজধানী দোহায় বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে।
ব্রিকস সম্মেলনে ইরানের প্রতি প্রতীকী সমর্থন জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দাও জানানো হয়েছে। ১৩ জুন ইরানে হঠাৎ হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে টানা ১২ দিন দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। পরে ২১ জুন রাতে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর দুই দিন বাদে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়।
