
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘঠনার গোপালগঞ্জে শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কারফিউ জারির ঘোষণা দেন।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকাল পৌনে ৫টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। তবে শহরের মানুষজনের চলাচল কম।
বুধবার (১৬ জুলাই) জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির সমাবেশ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ।
টানা ৫ ঘণ্টার ওই সংঘাতে নিহত হন অন্তত চারজন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান। সংঘাতের সময় পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতারা সেদিন সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে গোপালগঞ্জ ত্যাগ করেন।
