ঢাকায় ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি। রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর থেকে তীব্র কুয়াশার কারণে ঢাকা থেকে কোনো উড়োজাহাজ উড্ডয়ন করতে পারেনি, তেমনি কোনো ফ্লাইটও নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল ৬টার পর কুয়াশায় চারপাশ ঝাপসা হয়ে যাওয়ায় ৮টি ফ্লাইটকে বিভিন্ন গন্তব্যে ডাইভার্ট করতে হয়েছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, একটি কলকাতা বিমানবন্দরে এবং একটি হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়েছে।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে বলেন, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিল না। সকাল ৬টার পর দৃশ্যমানতা (ভিজিবিলিটি) খুব কমে গিয়েছিল। ফলে কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। পরিস্থিতি উন্নত হওয়ার পর সকাল ৯টা ৫২ মিনিটে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
বিমানবন্দর সূত্রে আরও জানানো হয়েছে, কুয়াশার কারণে নির্ধারিত সময়ে নামতে না পেরে ঢাকার আকাশে বেশ কয়েকটি ফ্লাইট চক্কর খাচ্ছিল। অবতরণের অনুমতি পাওয়ার পর ফ্লাইটগুলো একে একে রানওয়েতে নামতে শুরু করেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টায় জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তারা আরও জানায়, দিনের প্রথমার্ধে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
