ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাতটি প্রতিষ্ঠানকে নিজেদের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে চীন। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। এর ফলে এসব প্রতিষ্ঠানের কাছে ‘দ্বৈত ব্যবহার’ পণ্য রপ্তানি নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এফএন হেরস্টাল, ফাব্রিক ন্যাশনালি ডি হেরস্টাল, অমনিপোল এ.এস, হেনসোল্ড এজি, এক্সক্যালিবার আর্মি স্পল.এস.আর.ও, স্পেসকনো আইএনসি, ওদস্তেপনি জাভোদ এস.আর.ও, ভিজেডএলইউ অ্যারোস্পেস এ.এস এবং এফএন ব্রাউনিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোনো বিদেশি সংস্থা বা ব্যক্তি এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সঙ্গে চলমান সংশ্লিষ্ট কার্যক্রমও বন্ধ করতে হবে।
‘দ্বৈত ব্যবহার’ পণ্য বলতে এমন প্রযুক্তি, পণ্য বা সেবাকে বোঝানো হয় যা বেসামরিক ও সামরিক- দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হতে পারে, বিশেষ করে গণবিধ্বংসী অস্ত্র তৈরির ক্ষেত্রেও যার প্রয়োগ থাকতে পারে।
