সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সপ্তাহে তিন দিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠিকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের সই করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য দেখিয়ে সরকারি দপ্তরগুলোর কার্যদিবস কমানোর যে তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় এ ধরনের কোনো দাপ্তরিক আদেশ বা চিঠি জারি করেনি বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একটি কুচক্রী মহল জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভুয়া চিঠিটি ছড়িয়ে দিয়েছে। সরকারি কোনো সিদ্ধান্ত ব্যতিরেকে এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্য প্রচার করা দণ্ডনীয় অপরাধ।
