এক সপ্তাহ ধরে ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই টানা বৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। এর ফলে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করলেও বজ্রপাতে এখন পর্যন্ত সারাদেশে প্রায় ৫৬ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতের জন্য আগাম সতর্ক বার্তা দেওয়া হলেও কমছে না মৃত্যু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এই সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুত চমকানোসহ পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
যদিও আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে মানুষ যে এখন বেশ উদগ্রীব সেটি গুগল সার্চেই প্রমাণ হয়। কেননা গুগল ট্রেন্ডিং এর শীর্ষেই রয়েছে আবহাওয়া ও বৃষ্টি সম্পর্কে মানুষের নানা প্রশ্ন। এরই মধ্যে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাতসহ বেশ কয়েকটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
