
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি ছাড়ে দেরি হলেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রয়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি পাঁচ থেকে সাত শতাংশে নামিয়ে আনার কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক লক্ষ্য তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা স্বীকার করে ড. আহসান এইচ মনসুর বলেন, ব্যাংক আমানত কমে গেছে ও ব্যাংকিং ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে।
ড. মনসুর আরও বলেন, ‘ট্রেজারি বিল বন্ডের হার সাড়ে ১২ শতাংশ থেকে ১০ শতাংশের নিচে নেমে আসায় পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি ব্যাংকিং খাত থেকে সরকারের ঋণ কমে আসার ইঙ্গিত দেয়, যা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির পথ প্রশস্ত করেছে।’
গভর্নর বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থান স্থিতিশীল অবস্থায় এসেছে। স্থিতিশীল বিনিময় হার এবং ব্যালেন্স অব পেমেন্টে উদ্বৃত্ত রয়েছে। তিনি এটিকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবেও বর্ণনা করেন।
