নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সারা দেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাক্ষাৎ শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘তিনি আমাদের কাছে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের জানিয়েছি, সারা দেশকে লাল, হলুদ ও সবুজ—এই তিন জোনে ভাগ করা হচ্ছে এবং সে অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে।’
আখতার আহমেদ বলেন, ‘বৈঠককালে কমনওয়েলথ মহাসচিব জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশকে যেকোনো ধরনের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দিতে কমনওয়েলথ প্রস্তুত রয়েছে।’
ইসি সচিব জানান, মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, অগ্রগতি এবং বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা করেন।
