চলমান মধ্যপ্রাচ্য সংকটে ভ্রাতৃপ্রতিম দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ব্যক্ত করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকে উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। চিঠিতে প্রধানমন্ত্রী চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমিরাতের নেতৃত্ব, সরকার এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
যুদ্ধের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। জবাবে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের ধৈর্যশীল নেতৃত্বের প্রশংসা করেন এবং যেকোনো বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনৈতিক উপায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির অঙ্গীকার করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সফর করছেন যাতে এ অঞ্চলের দেশগুলোর নেতৃত্বের কাছে বাংলাদেশের বার্তা পৌঁছে দেওয়া যায় এবং আঞ্চলিক সম্পৃক্ততা আরও সুদৃঢ় হয়।
