পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক- এই প্রত্যাশা করি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ঈদ উপলক্ষে পাঠানো এক চিঠিতে মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের জাতীয় উন্নয়ন লক্ষ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, তা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যেই। তিনি বলেন, ‘ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।’
