নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ হওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ভোটের দিন ইন্টারনেট সংযোগ চালু থাকবে। কেউ গুজব ছড়ানো বা ইচ্ছাকৃতভাবে সংযোগ বিঘ্নিত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়, সমুদ্র ও সমতল- তিন ধরনের ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে জেলায় সেনাবাহিনী, কোস্টগার্ডসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃদ্ধি করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি হেলিকপ্টার স্ট্যান্ডবাইও রাখা হয়েছে।
