
মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও ৬১ জন। সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে একটি মালবাহী ট্রেন সরাসরি ধাক্কা মারে একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাসে।
রেলওয়ে সংস্থা কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো জানিয়েছে, বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে তারা চালকদের রেলক্রসিংয়ে সড়ক চিহ্ন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে বাসের মালিক প্রতিষ্ঠান হেরাদুরা দে প্লাতা কোনো মন্তব্য করেনি।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, বাসটির সামনের অংশ ও ওপরের তলা একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। লোহার কাঠামো মারাত্মকভাবে বেঁকে গেছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে আটলাকোমুলকো ও মিচোয়াকান অঙ্গরাজ্যের মারাভাতিও শহরের মাঝের মহাসড়কে।
মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার কেউ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
