
রান্নাঘর শুধুই রান্নার জায়গা নয়, সকালের নাশতা তৈরি করা থেকে রাতের খাবার শেষে প্লেট ধোয়া পর্যন্ত সব কাজই এখানেই হয়। ফলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যদিও সিঙ্ক, টাইলস বা গ্যাস ওভেন অনেকেই প্রতিদিন পরিষ্কার করেন। রান্নাঘরে এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার হলেও সময় মতো বদলানো হয় না।
অথচ এই জিনিসগুলো নির্দিষ্ট সময় অন্তর পরিবর্তন না করলে সেগুলো হয়ে উঠতে পারে জীবাণুর উৎস, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, রান্নাঘরের স্বাস্থ্যবিধি মানতে গেলে শুধু পরিষ্কার করলেই চলবে না, কিছু জিনিস সময়মতো বদলানোও জরুরি। চলুন, জেনে নিই কোন কোন জিনিসের ক্ষেত্রে এই নিয়ম মানা উচিত।
রান্নাঘরের তোয়ালে বা কাপড়
হাত মোছা, গ্যাস পরিষ্কার করা কিংবা বাসন মুছতে যেসব তোয়ালে বা কাপড় ব্যবহার করা হয়, সেগুলো প্রতিদিন গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নেওয়া জরুরি।
তবে শুধু পরিষ্কার করলেই হবে না। কাপড় বা তোয়ালে বছরে একবার পরিবর্তন করাও প্রয়োজন। কারণ নিয়মিত ধোয়ার পরও এগুলোতে জীবাণু জমে থাকতে পারে।
চপিং বোর্ড
কাঠ, প্লাস্টিক বা স্টিল—যে ধরনের চপিং বোর্ডই হোক না কেন, রান্নার পর প্রতিদিন ভালোভাবে ধুয়ে রাখা উচিত। বিশেষত প্লাস্টিকের বোর্ড বছরে একবার পরিবর্তন করা ভালো। কাঠের বোর্ডে ফাটল ধরলে তাতে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে, তাই এগুলো ২–৩ বছর অন্তর বদলানোই নিরাপদ।
প্লাস্টিকের কৌটো
রান্নাঘরে চাল, ডাল, মশলা বা শুকনো খাবার রাখার জন্য আমরা অনেক সময়ই প্লাস্টিকের কৌটো ব্যবহার করি। তবে বেশি দিন এই কৌটো ব্যবহার করলে তা ক্ষতিকর রাসায়নিক নির্গত করতে পারে। তাই প্রতি বছর অন্তত একবার প্লাস্টিকের কৌটো বদলে ফেলা উচিত। সম্ভব হলে কাচ বা স্টিলের কন্টেইনার ব্যবহার করাই ভালো।
