অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন তাকাইচি। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী বলেছেন, এই অর্থবছরে প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের ২ শতাংশ ব্যয় করা হবে, যা সরকারের লক্ষ্যমাত্রা দুই বছর আগেই পূরণ করবে।
জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি এই ঘোষণা দিলেন, যখন জাপানসহ মিত্রদেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়ে আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিন পরই টোকিও সফরে আসছেন। জাপান সফরের পর তিনি দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে থেকেই কট্টর চীনবিরোধী হিসেবে পরিচিত তাকাইচি তাঁর ভাষণে আরো বলেন, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার সামরিক কর্মকাণ্ড ‘গুরুতর উদ্বেগের কারণ’ হয়ে দাঁড়িয়েছে।
সূত্রঃ এএফপি
