যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে নৈশভোজের এক অনুষ্ঠানে হঠাৎ গুলির মতো শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প-কে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় সিক্রেট সার্ভিস।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হোয়াইট হাউস-এ কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত নৈশভোজ চলাকালে হঠাৎ ৭-৮ রাউন্ড গুলির মতো বিকট শব্দ শোনা যায়। এতে উপস্থিত প্রায় আড়াই হাজার অতিথির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন, অনুষ্ঠান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। ঘটনার পর নিরাপত্তা সদস্যরা দ্রুত প্রেসিডেন্ট ও তার স্ত্রীসহ অতিথিদের সরিয়ে নেন। সশস্ত্র নিরাপত্তা দল মঞ্চে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময়ে এফবিআই প্রধান ও প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শব্দ শোনার পর ট্রাম্প দ্রুত মঞ্চ ত্যাগ করেন। পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং তার কাছে একাধিক অস্ত্র ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই হামলা তাকে ইরান-সংক্রান্ত যুদ্ধ বা নীতিগত অবস্থান থেকে সরাতে পারবে না। তবে তিনি স্পষ্ট করেন, এ ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা আছে বলে তিনি মনে করেন না।
তিনি আরও জানান, আটক ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারে এবং তার আবাসস্থল ক্যালিফোর্নিয়া-তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি। ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, কিংবা হামলার উদ্দেশ্য কী- তা এখনও স্পষ্ট নয়। তবে ট্রাম্প জানিয়েছেন, এই নৈশভোজ অনুষ্ঠানটি আগামী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে।
