
অবৈধভাবে ওমানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সময়সীমা আরো পাঁচ মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আইনি অবস্থান সংশোধনের সুযোগ চলতি বছরের ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে শ্রম মন্ত্রনালয় থেকে বলা হয়, এই সময়সীমা হলো শেষ সুযোগ। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, যেন তারা দ্রুত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আইনি বৈধতা নিশ্চিত করেন।
শ্রম মন্ত্রণালয় আরো জানায়, ৮ জুলাইয়ের পূর্ববর্তী ঘোষণার আলোকে এবং বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই সময়সীমা কার্যকর করতে সব ধরনের সহায়তা ও সমন্বয় নিশ্চিত করা হয়। বিষয়টি জানিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
