গাজাজুড়ে শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় হিসেবে ব্যবহৃত একটি তাঁবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা করা হয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
বিবিসি লিখেছে, চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর এদিনের হামলাকেই ‘সবচেয়ে ভয়াবহ’ বলছে ফিলিস্তিনিরা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য, হামাস শুক্রবার ‘চুক্তি লঙ্ঘন’ করে, তার জবাবে একাধিক হামলা চালানো হয়েছে। গত বছর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ও হামাস—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, “গাজার পূর্ব রাফাহ এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী অবকাঠামো থেকে বেরিয়ে আসা আট সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে।”
