
জঙ্গিবাদবিরোধী এক অভিযান ও আইএস মতাদর্শসম্পন্ন একটি বিদেশি জঙ্গিচক্র ভেঙে দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। এই চক্রটির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে বাংলাদেশের ৩৬ জন নাগরিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেলাঙ্গর ও জোহর রাজ্যে ২৪ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তিন ধাপে পরিচালিত সমন্বিত নিরাপত্তা অভিযানে এসব ব্যক্তি গ্রেপ্তার হন।
আটক এই ৩৬ জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনের আওতায় শাহ আলম ও জোহর বাহরু সেশন্স কোর্টে মামলা চলছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে মালয়েশিয়ার গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে উঠে এসেছে, গ্রেপ্তারকৃতরা ইসলামিক স্টেট (আইএস) মতাদর্শ অনুসরণ করে এবং তারা সে মতাদর্শ আমদানি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ চক্র মালয়েশিয়ায় নিজেদের কমিউনিটির মধ্যে নিয়োগকেন্দ্র গড়ে তুলেছিল। তাদের উদ্দেশ্য ছিল চরমপন্থী মতাদর্শ ছড়ানো, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সংগ্রহ এবং নিজ দেশেই বৈধ সরকার উৎখাতের পরিকল্পনা বাস্তবায়ন।
