কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা যায়।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন বলছেন, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করা হচ্ছে। মিয়ানমারের দিক থেকে ড্রোনগুলো ওড়ানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আজ সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের দুটি ড্রোন ওড়তে দেখা দেখা গেছে। ধারণা করছি, এগুলো মিয়ানমারের দিক থেকে এসেছে। সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নজরদারির অংশ হতে পারে। এ পরিস্থিতিতে আমাদের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা জরুরি।’
