দেশে ফুয়েল পাস ব্যবস্থার আওতা বাড়িয়ে প্রাইভেটকারের নতুন ‘ঘ’ সিরিজ যুক্ত করা হয়েছে। এর ফলে আগে চালু থাকা ‘ক’, ‘খ’ ও ‘গ’ সিরিজের পাশাপাশি এখন ‘ঘ’ সিরিজের গাড়ির মালিকরাও এই সেবা নিতে পারবেন। সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, ফুয়েল পাস ব্যবস্থাকে আরও সহজ করতে প্রযুক্তিগত সুবিধাও বাড়ানো হয়েছে। এখন থেকে আইফোন ব্যবহারকারীরাও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে কিউআর কোড (QR Code) তৈরি করতে পারবেন। কোডটি স্ক্রিনশট হিসেবে সংরক্ষণ বা প্রিন্ট করে ফিলিং স্টেশনে দেখিয়ে জ্বালানি নেওয়া যাবে। যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই, তারাও ওয়েবসাইট থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন। প্রয়োজনে সেটি ল্যামিনেট করেও ব্যবহার করা যাবে।
এদিকে মঙ্গলবার থেকে রাজধানীর ১১টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে-
করিম অ্যান্ড সন্স (শাপলা চত্বর), ইউরেকা এন্টারপ্রাইজ (মহাখালী), মাসুদ হাসান ফিলিং স্টেশন (এয়ারপোর্ট, উত্তরা), সততা অ্যান্ড কোম্পানি (তেজগাঁও), দিগন্ত ফিলিং স্টেশন (মিরপুর), কামাল ট্রেডিং এজেন্সি (তেজগাঁও), এস.পি. ফিলিং স্টেশন (গাবতলী), সিটি ফিলিং স্টেশন ও মেঘনা পেট্রোলিয়াম (তেজগাঁও), সেবা গ্রিন ফিলিং স্টেশন (উত্তরা), স্যাম অ্যাসোসিয়েটস (মিরপুর-২) এবং সুমাত্রা ফিলিং স্টেশন (কালশী রোড, মিরপুর)। ফিলিং স্টেশনগুলোতে কিউআর কোড স্ক্যান করে জ্বালানি সরবরাহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
