ফ্রান্সের জনগণ আবারও জানিয়ে দিলো যে, তারা কট্টর ডানপন্থীদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।
ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বড় জয় পেয়েছিল ডানপন্থীরা। এমনকি, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের ক্ষেত্রেও প্রথম দফায় এগিয়ে ছিল তারা। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচনে বিজয় নিশ্চিত করাটা সবচেয়ে বেশি জরুরি ছিল, সেখানেই পিছিয়ে পড়লো কট্টর ডানপন্থীরা।
ফ্রান্সের দ্বিতীয় ধাপের পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে যে, দেশটির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালি (আরএন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
এমনকি তারা দ্বিতীয় অবস্থানেও নেই। দ্বিতীয় দফার নির্বাচনে নাটকীয়ভাবে জয় পেয়েছে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)।
আর তাদের পরেই দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে, ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর মধ্যপন্থী দলকে। এর আগে, প্রথম দফার নির্বাচনে প্রায় ৩৩ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ছিল ন্যাশনাল র্যালি (এনআর)।
