বর্তমানে দেশে জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী সরকারকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার।
তিনি অভিযোগ করে বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকা সত্ত্বেও বিগত সরকারের সময়ে স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরতা তৈরি করা হয়েছিল। এর ফলে বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে দেশকে ভুগতে হচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। তিনি বলেন, “এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করা না গেলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না।”
