সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনোভাবেই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করা হবে না- এমন দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন।
তিনি জানান, অতীত বা বর্তমান কোনো আলোচনায়ই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। ইরান তাদের পারমাণবিক অর্জন দেশের ভেতরেই সংরক্ষণ করবে বলে তিনি স্পষ্ট করেন।
ইসমাইল বাঘাই বলেন, দেশের মাটির মতোই ইউরেনিয়ামও তাদের কাছে মূল্যবান ও গুরুত্বপূর্ণ। তিনি ইউরেনিয়াম কার্যক্রম বন্ধের প্রস্তাবও নাকচ করে দেন এবং এটিকে জাতীয় মর্যাদা ও সম্পদের সঙ্গে তুলনা করেন। তার মতে, এই সম্পদ রক্ষা করা নাগরিকদের জীবনের মতোই গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিনের দেশীয় বিজ্ঞানীদের প্রচেষ্টার ফল। পারমাণবিক জ্ঞান সম্পূর্ণভাবে ইরানিদের নিজস্ব অর্জন বলেও দাবি করেন তিনি।
