আমাদের দল কোনো জোটে যাবে না, নিজ অবস্থানে থেকেই রাজনীতি করবে- এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। জামায়াতের সঙ্গে আন্দোলনের বিষয়টিও নাকচ করেন তিনি।
এদিকে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় এসব মন্তব্য করেন নাহিদ।
নাহিদ বলেন, জামায়াত সংসদের উভয়পক্ষে পিআর পদ্ধতি চায়। আর এনসিপি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। তবে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসরদের নিষিদ্ধের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট।
দলের কেন্দ্রীয় সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ও গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, নির্বাচনের আগে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রামে-গঞ্জে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।
নাহিদ ইসলাম জানান, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে এনসিপির অবস্থান জিরো টলারেন্স। তিনি বলেন, সচেতনতা গড়ে তুলতে আমরা সারা দেশের তৃণমূল পর্যায়ে কাজ করবো। দুর্নীতিবিরোধী জনমত গড়ে তুলতে আগামী মাস থেকে বিভিন্ন জেলাসহ তৃণমূল পর্যায়ে কর্মসূচি পালন করব।
এনসিপির নেতা আরও জানান, দলের ঘোষিত ২৪ দফা কর্মসূচি এবং নতুন সংবিধানের দাবি নিয়ে শিগগিরই উপজেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করা হবে। সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যগণ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন।
