মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে হালাল পণ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস’ (এমআইএইচএএস)। এবারের ২১তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বুধ থেকে শুক্রবার পর্যন্ত চার দিনব্যাপী মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার এবং ভারপ্রাপ্ত হাই কমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।
উল্লেখ্য যে, বাংলাদেশের রিমার্ক এইচবি লিমিটেড মালয়েশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ হালাল পণ্য ও সেবা প্রদর্শনীতে অংশ নিয়েছে। তারা সেখানে লিলি, নিওর, সিওডিল, হারল্যান, স্কিনমিন্ট, অরিক্স, ক্যাভোটিন, অ্যাকনল ও ডার্মাইউ ব্র্যান্ডের হালাল সার্টিফায়েড দুই শতাধিক পণ্য প্রদর্শন করছে। ‘মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস) ২০২৫’ শীর্ষক এই প্রদর্শনী গত বুধবার শুরু হয়েছে, যা আগামীকাল শনিবার পর্যন্ত চলবে।
রাজধানী কুয়ালালামপুরের মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (মিটেক) মিহাস প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এটি মিহাসের ২১তম আসর। মালয়েশিয়া বহির্মুখী বাণিজ্য উন্নয়ন করপোরেশন (ম্যাট্রেড) আয়োজিত এ মেলায় বিশ্বের ৯০টি দেশের হালাল পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো ২ হাজার ৩০০টি স্টলে অংশ নিয়েছে।
