
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের অধিকার কোনো পুরস্কার নয়—বরং এটি তাদের অবিচ্ছেদ্য মানবিক ও আন্তর্জাতিক অধিকার।
সোমবার (২৮ জুলাই) জাতিসংঘ আয়োজিত ফিলিস্তিন ইস্যুর শান্তিপূর্ণ নিষ্পত্তি নিয়ে এক উচ্চ-স্তরের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে গুতেরেসের বক্তব্যের এই জোরালো বার্তা।
জাতিসংঘ মহাসচিব তার ভাষণে বলেন, “আসুন, বিষয়টি একেবারে পরিষ্কার করে বলি—ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র গঠনের অধিকার কোনো পুরস্কার নয়। এটি একটি অধিকার, যা যুগের পর যুগ ধরে অস্বীকার করা হয়ে আসছে। রাষ্ট্র গঠনের এই অধিকার অস্বীকার করা চরমপন্থীদের হাতে উপহার তুলে দেওয়ার শামিল।”
তিনি আরও বলেন, “দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথ দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে। সময় ফুরিয়ে আসছে। প্রতিদিন মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে, আর ফিলিস্তিনিদের আশা একের পর এক ভেঙে যাচ্ছে।”
গুতেরেস তাঁর বক্তব্যে গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে বলেন, “গাজার উপর এক ভয়ঙ্কর বিপর্যয়ের ঝড় নেমে এসেছে। মানুষ জীবন ও সম্মান দুটো হারাচ্ছে। হাজার হাজার শিশু অনাহারে ভুগছে, এবং লাখ লাখ মানুষ চিকিৎসা, নিরাপত্তা এবং মৌলিক সেবা থেকে বঞ্চিত।”
