
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হবে।
বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মূলত ভারতীয় পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে কি না একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত, ওরা আমার বন্ধু।”
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ভারত থেকে যুক্তরাষ্ট্র ৮৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, আর ভারত যুক্তরাষ্ট্র থেকে ৪২ বিলিয়ন ডলারের পণ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রে ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল ওষুধ, মোবাইল ফোনসহ যোগাযোগ যন্ত্রপাতি ও পোশাক।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দেওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
