
যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর হোয়াইট হাউস বাংলাদেশ সময় শুক্রবার (১ আগস্ট) এ শুল্কহার ঘোষণা করে।
এই শুল্কহার কমিয়ে আনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশের শুল্ক আলোচনা দলকে অভিনন্দন জানাই। এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।’
বিবৃতিতে আরও বলা হয়, শুল্কহার প্রত্যাশার তুলনায় ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনায়, আলোচকেরা ব্যতিক্রমী কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় অটল প্রতিশ্রুতির প্রমাণ দিয়েছেন।
গত ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া শুল্ক ও অশুল্ক বাধা, নিরাপত্তা এবং বাণিজ্যিক সুবিধা নিয়ে দীর্ঘ ও জটিল আলোচনার পর এই চুক্তি সই হয়। চুক্তির ফলে বাংলাদেশের পণ্য এখন বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে আরও প্রতিযোগিতামূলক হারে প্রবেশ করতে পারবে যা দেশের রপ্তানি বাড়াতে সাহায্য করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
