
চীনা বংশদ্ভুত মার্কিন নাগরিক জেসন ইউয়ান একটি সেকেন্ড হ্যান্ড গাড়ির দোকানের মালিক। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যকে নিজের ঘরবাড়ি ভেবে এসেছেন তিনি। কিন্তু টেক্সাসে নতুন একটি আইন তার সেই বিশ্বাস নড়িয়ে দিয়েছে।
বিবিসি-র খবরে বলা হয়েছে, এবছর আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যটিতে কার্যকর হতে চলেছে টেক্সাস সিনেট বিল ১৭, যা এসবি-১৭ নামেও পরিচিত।
এ আইনে কেবল চীনই নয়- ইরান, উত্তর কোরিয়া এবং রাশিয়ার নাগরিক ও কোম্পানিগুলোর জন্যও টেক্সাসে সম্পত্তি কেনা এবং ভাড়া নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ হবে।
কর্মকর্তারা বলছেন, এই বিল জাতীয় নিরাপত্তায় সুরক্ষার জন্য কার্যকর করা হচ্ছে। কিন্তু চীনা বংশোদ্ভুত ইউয়ানের মতো মানুষদের জন্য এই পদক্ষেপ বৈষ্যম্যেরই বার্তা দিচ্ছে- আর তা হল: তার মতো দেখতে মানুষেরা টেক্সাসে স্বাগত নয়।
টেক্সাসে নতুন বিলটির বিরোধিতায় নেতৃস্থানীয় ডেমোক্র্যাট প্রতিনিধি জিন উ বলেন, “এ আইন এশীয়-বিরোধী, অভিবাসী-বিরোধী এবং বিশেষত, চীনা-আমেরিকানদের বিরুদ্ধে।”
তাছাড়া, নতুন আইনটি টেক্সাসে ব্যবসারও ক্ষতি করতে পারে বলে বিবিসি-কে জানিয়েছেন উ। যেসব কোম্পানি টেক্সাসে লাখ লাখ ডলারের বিনিয়োগ আনতে পারে সেই কোম্পানিগুলো এখন অন্য জায়গায় বিকল্প খুঁজছে।
