
রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে পাঁচ দিন বন্ধ রাখা হবে। রাষ্টায়ত্ এই ব্যাংকের ডেটা সেন্টার স্থানান্তর করার কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপালী ব্যাংক পিএলসির বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তর করা হবে। এতে আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন করেছে ব্যাংকটি।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে রূপালী ব্যাংক পিএলসি সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়েছে।
