চলতি মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১৭.৯০ শতাংশ। এছাড়া, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার।
সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড। বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্সের এ ধারাবাহিকতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের বিভিন্ন পদক্ষেপ এই প্রবাহে ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
