
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাওমিকে চীনা সামরিক সহায়ক প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করতে পেন্টাগনকে আহবান জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। যেখানে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিক এবং ইলেকট্রনিক ডিসপ্লে নির্মাতা বোই টেকনোলজি গ্রুপকেও রাখার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, নয়জন আইনপ্রণেতা প্রতিরক্ষা সচিব পিট হেজসেথকে চিঠি পাঠিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে চীনা সামরিক বাহিনীকে সহায়তা করার অভিযোগে ধারা ১২৬০এইচ তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বলেছেন।
এই তালিকায় ইতিমধ্যে চীনের বড় প্রতিষ্ঠানগুলো যেমন টেনসেন্ট এবং ব্যাটারি নির্মাতা সিএটিএল অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় নাম থাকা কোনো প্রতিষ্ঠানকে সরাসরি জরিমানা করা হয় না, তবে এটি মার্কিন প্রতিরক্ষা বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থার কাছে সেই প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়।
এই তালিকাভুক্তি সরাসরি আইনি সমস্যার চেয়েও বড় বাণিজ্যিক ও সুনামের ইস্যু তৈরি করে। এতে সম্ভাব্য বাণিজ্যিক সহযোগিতা, বিনিয়োগ ও অংশীদারি সুযোগ কমে যেতে পারে কারণ বহু কোম্পানি বা বিনিয়োগকারী ঝুঁকি এড়াতে চাইবে। তালিকাভুক্তির পর কিছু আন্তর্জাতিক কোম্পানির শেয়ার পড়ে যেতে দেখা গেছে, কারণ বিনিয়োগকারীরা মার্কিন বাজারে ঝুঁকি কমাতে চান। কিছু ক্ষেত্রে শেয়ারমূল্য একদিনেই উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়েছে।
যদিও কিছু প্রতিষ্ঠান এই তালিকায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মার্কিন সরকার তাদের অবস্থান বহাল রেখেছে।
আগে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, যে ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে চীনা সামরিক বাহিনীকে সহায়তা করেছে এবং মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়েছে। বোই টেকনোলজি গ্রুপ, যারা অ্যাপলের আইফোনের জন্য ডিসপ্লে সরবরাহ করে, তাদের মতো অন্যান্য চীনা ডিসপ্লে নির্মাতাদেরও ২০৩০ সালের মধ্যে মার্কিন সামরিক সরবরাহ চেইন থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।
চিঠিতে উক্সি অ্যাপটেক, জেনস্ক্রিপ্ট, রোবোসেন্স, লিভক্স, ইউনিট্রি রোবোটিক্স, ক্লাউডমাইন্ডস, হুয়া হং সেমিকন্ডাক্টর, শেনান সার্কিট এবং কিংসেমিকেও তালিকায় যুক্ত করার কথা বলা হয়েছে।
ওই চিঠি স্বাক্ষর করেছেন, জন মুলিনার (মিশিগান), রিক স্কট (ফ্লোরিডা), রিক ক্রফোর্ড (আর্কানসাস), অ্যান্ড্রু গারবারিনো (নিউইয়র্ক), রোব উইটম্যান (ভার্জিনিয়া), বিল হুইজেঙ্গা (মিশিগান), ডাস্টি জনসন (সাউথ ডাকোটা), ড্যারিন লাহুড (ইলিনয়) এবং অ্যান্ডি ওগলস (টেনেসি)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক ট্রিলিয়ন ডলারের সামরিক ব্যয় বিধানপত্রে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করার নির্দেশ দিয়েছেন, যা কার্যকর করার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
এই উদ্যোগের মাধ্যমে মার্কিন আইনপ্রণেতারা চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সামরিক সম্পর্ক এবং সরবরাহ চেইন সংক্রান্ত ঝুঁকি নিয়ন্ত্রণ করতে চায়।
