
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যে সম্প্রতি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) এসপিএ’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
ফোনালাপে দুই নেতার মধ্যে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে মতবিনিময় করেন। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার চলমান উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে আত্মরক্ষায় কোনো দ্বিধা করবে না।
মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে দুই দেশের এই আলোচনার প্রেক্ষাপট উল্লেখযোগ্য। এদিকে ইরান মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।এর অংশ হিসেবে এর আগে বুধবার (৩ এপ্রিল) প্রেসিডেন্ট পেজেশকিয়ান কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং বাহরাইনের নেতাদের সঙ্গেও ফোনালাপে যুক্ত হন। এসব আলোচনায় তিনি আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অন্য এক খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ইরান সফরের আমন্ত্রণ জানান। ইরান দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এবং পাশাপাশি আঞ্চলিক সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
