
২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল কমিশন ২০২৪ সালের জানুয়ারীতে আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায়। দায়িত্ব নেওয়ার পর পরই ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল।
২০২৪ সালের জানুয়ারীর ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।
এদিকে রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কে এম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
