
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমি বিশ্বাস করি, বিএনপি তাদের অবস্থান থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কারণ তারা একটি বৃহৎ রাজনৈতিক দল, এবং এদেশের সাধারণ মানুষের প্রত্যাশাও তাদের প্রতি অনেক বেশি।” আমরা যদি একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে যে রাজনৈতিক দলই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসুক না কেন, যে ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের তাদের প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকা উচিত।
উল্লেখ্য যে, বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর এক বক্তব্যের প্রেক্ষিতে সারজিস আলম বলেন, “এটি তার ব্যক্তিগত বক্তব্য, বিএনপির নয়। তারা রাজনীতিতে আমাদের সিনিয়র-তাদের দেখে আমরা শিখব, সামনে এগিয়ে যাব। কিন্তু তারা যদি আমাদের মতো অনুজদের সামনে রেখে প্রতিহিংসাপূর্ণ বা অবমাননাকর ভাষায় কথা বলেন, তবে সেটি বাংলাদেশের রাজনীতিতে একটি অশোভন সংস্কৃতি গড়ে তুলবে। যেমনটি আমরা অতীতে দেখেছি-শেখ হাসিনার আমলে, যখন তিনি ড. মুহাম্মদ ইউনূস কিংবা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ছোট করে কথা বলতেন। এটা রাজনৈতিক সৌহার্দ্যকে ক্ষতিগ্রস্ত করেছিল। আমরা চাই না, বিএনপি সেই একই পথে হাটুক। আমাদের প্রতি যদি কোনো পরামর্শ থাকে, তা যেন পারস্পরিক সম্মান এবং সৌহার্দ্যের ভিত্তিতে দেওয়া হয়-এইটাই আমাদের প্রত্যাশা।”
এদিকে শনিবার (১২ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সারজিস আলম এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হুসাইনসহ বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
