
মানবাধিকার লঙ্ঘনের, গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগে ছাত্র-জনতা আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। এই ঘোষণার স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলামোটর পর্যন্ত।
বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অনুসারে-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।
উল্লেখ্য যে, শুক্রবার বিকাল থেকে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩টি দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র জনতা শাহবাগ মোড় ব্লক বিক্ষোভ করতে থাকে। তাদের দাবির মধ্যে ছিল আওয়ামীলীগকে দল হিসেবে স্থায়ী নিষিদ্ধ করা, জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি দান এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ লীগের সব অপকর্মের বিচার।
এই আন্দোলন চলাকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
