
কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা অভিযোগ করেছেন, ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ। তিনি আজ এক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্টে এই মন্তব্য করেন।
এক্সে শেয়ার করা এক পোস্টে কংগ্রেসের এই সিনিয়র নেতা বলেন, ‘বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলতে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর-পূর্ব অঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। সরকার মণিপুরের যত্ন নিচ্ছে না এবং এরই মধ্যে চীন অরুণাচলে গ্রাম স্থাপন করেছে।’
উল্লেখ্য যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন এক আলোচনা সভায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি আলোচনার এক পর্যায়ে বলেন, “সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের এই সাতটি রাজ্য সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের কোনো সরাসরি সংযোগ নেই। একমাত্র বাংলাদেশই তাদের জন্য সমুদ্রপথের অভিভাবক।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই মন্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের অনেক নীতিনির্ধারক ও রাজনীতিবিদরা এই বক্তব্যকে হুমকি হিসেবে বিবেচনা করছেন।
Please follow and like us:
