
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া নামক স্হানে বাস ও মাইক্রোবাসের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন মহিলা এবং ১ জন শিশু রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানা যায়নি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানিয়েছেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে চলে আসে। এরপর চেষ্টা করেও বাসটি থামাতে পারেনি চালক। এমন সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হন আরও পাঁচজন।
এদিকে, দুর্ঘটনার পর লোহাগাড়া ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্নার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগেও, এই এলাকায় দুর্ঘটনা ঘটেছিল। গত সোমবার (৩১ মার্চ) ঈদের দিনে একই জায়গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারান। এরও এক দিন আগে, দুই মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন আহত হন।
