
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। এক আলোচনা সভায় বিএনপির এই নেতা আরো বলেন, সমাজের মানসিকতা এবং আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা দেশের জনগণই ঠিক করে। শনিবার (১০ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের বিষয়ে কোনো সংস্থা জানতো না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা ১/১১ সৃষ্টি করেছে তারাই নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
গয়েশ্বর রায় বলেন, জামায়াত এখনো নিষিদ্ধ দল। এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি। তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামায়াত কীভাবে নিষিদ্ধ হয়েছিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে- তা দাবি করতে হবে কেন?
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাঁধা নেই, তা সরকারের তরফ থেকে নিশ্চয়তার দাবি তুলে তিনি বলেন, ‘গণতন্ত্র ও সংস্কার কেউ কারও শত্রু না বরং গণতন্ত্রই সংস্কারের পূর্বশর্ত।’
