
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’তে বিকেল ৫টার দিকে প্রবেশ করেন প্রধান বিচারপতি। এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, বৈঠকটি প্রায় আধা ঘণ্টাব্যাপী স্থায়ী হয়। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ না হলেও, অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যায় যে বৈঠকে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান সময়ে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ এবং প্রশাসনের মধ্যকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সঙ্গে বিচারপতির এই বৈঠক ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছেন বিভিন্ন দলের নেতারা। দুই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
