
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে কয়েক দিন অস্থিরতার পর অবশেষে সমঝোতার পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন, তা সাময়িক স্থগিত করেছেন। আজ সোমবার ইইউপ্রধান উরসুলা ভন ডার লেনের সঙ্গে আলাপের পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেন। বাণিজ্য আলোচনার বিষয়েও একমত হয়েছেন এই দুজন।
উল্লেখ্য যে, গত মাসে বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। ঝাপটা এসেছিল ইইউর ওপরও। পরে সেই শুল্ক স্থগিত করা হলেও গত শুক্রবার আবার বেঁকে বসেন ট্রাম্প। হতাশা প্রকাশ করে জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা দ্রুত এগিয়ে নিতে মোটেও আগ্রহ দেখাচ্ছে না ইইউ। তাই জুন মাসের ১ তারিখ থেকে জোটটির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চান তিনি।
এক প্রতিবেদনে আজ সোমবার (২৬ মে) ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, শুল্ক নিয়ে আগের দিন রোববার উরসুলা ভন ডার লেন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়েছে। এর মধ্য দিয়ে বাণিজ্য আলোচনায় নতুন গতি এসেছে। এর অংশ হিসেবে আজ স্থানীয় সময় বিকেলে ইইউর বাণিজ্যবিষয়ক কমিশনার মার্কোস সেফকোভিক ও মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের আলোচনায় বসার কথা রয়েছে।
