
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে ডলারের দরপতন ঘটেছে। এর বিপরীতে, বৃদ্ধি পেয়েছে ইউরো সহ অস্ট্রেলিয়ান এবং নিউজিল্যান্ডের ডলারের মূল্য। অপরদিকে বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ মুদ্রার দিকেও ঝুঁকতে শুরু করেছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ডলারের বাজারে ধাক্কা লেগেছে। এর ধারাবাহিকতায় বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটেছে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ করতে শুরু করেছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিশ্ববাজারে ডলার সূচক ১ দশমিক ৬ শতাংশ কমে ১০২.০৩ এ দাঁড়িয়েছে, যা গতবছর অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। তবে ইউরো সূচক ১ দশমিক ৫ বৃদ্ধি পেয়েছে, যা ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলারের দর শূন্য দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, নিউজিল্যান্ড ডলার শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, জাপানের ইয়েন তিন সপ্তাহের সর্বোচ্চে শক্তিশালী হয়ে শেষ পর্যন্ত প্রতি ডলারে ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্তরে গিয়ে ১ ডলারের বিপরীতে শূন্য দশমিক ৮৬৫৫ হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক আরোপ করবেন। নতুন এই শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধ তীব্র হয়ে উঠেছে।
সুত্র: রয়টার্স
