
জুলাই আগস্টের ছাত্র জনতার গনআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন। একই সময়ে আরো অনেক মন্ত্রী, এমপি, আমলা এবং ব্যবসায়ীরা সিঙ্গাপুর, দুবাই, ইংল্যান্ড, কানাডা এবং যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত বছরের ৫ আগষ্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রীকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে এক সঙ্গে দেখা গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) তাদেরকে একটি হাসপাতালে এক সঙ্গে দেখা যায়। পরবর্তীতে তাদের এই ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর আগে যুক্তরাজ্যে আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আলাদা আলাদাভাবে দেখা গেলেও এইবার এই প্রথমবার চারজন সাবেক মন্ত্রীকে একসাথে দেখা গেছে। যুক্তরাজ্যের আওয়ামীলীগের সভাপতি অসুস্থ হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সেখানেই এই সাবেক চার পলাতক মন্ত্রীকে একসঙ্গে হাস্যমুখে দেখা যায়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এসব মন্ত্রীরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। দুর্নীতির এসব টাকায় বিদেশে বসে তারা আরাম আয়েশের সাথে জীবন কাটাচ্ছেন বলে অনেকে মনে করেন। বিভিন্ন সময় তাদের এসব ছবি দেশের সাধারণ মানুষের মনে ব্যাপক ক্ষোভের কারন হয়ে দাঁড়িয়েছে।
