
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ সময় হলেই জানানো হবে এবং যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে। শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন সম্ভব নয়। তিনি বলেছেন, “একটা নির্বাচন করতে গেলে যতই স্বাধীন বলেন না কেন, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব হবে না। কারণ সরকারের সহযোগিতা নিয়েই আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে। প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা যেটিকে কর্মপরিকল্পনা বলছি, অনেকেই সেটিকে রোডম্যাপ বলে থাকেন। এটি তৈরির কাজ আসলে আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়েছে। এতে নির্ধারণ করা হয়েছে কোন কাজ কখন শুরু হবে এবং কখন শেষ হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ তৈরি করেছেন কি না, নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন কি না বা নির্বাচন নিয়ে সরকার আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা-এসব বিষয়ে সাংবাদিকরা সিইসির কাছে জানতে চান। জবাবে তিনি বলেন, বিষয়গুলো সময় এলে আপনারা জানতে পারবেন। আমরা রোডম্যাপ বলব না, কর্মপরিকল্পনা বলব। আমাদের অনেক ধরনের কাজ করতে হবে। সেগুলো কোনটা কোন সময় শেষ করব, কোন সময় শুরু করব সেটির পরিকল্পনাকে অনেকে রোডম্যাপ বলে। কিন্তু আমি তা না বলে কর্মপরিকল্পনা বলছি।
